চট্টগ্রামে সিএমপি ডিবির অভিযানে উদ্ধারকৃত দেশীয় এলজি ও কার্তুজ।

চট্টগ্রামে এলজি ও কার্তুজসহ লেগুনা চালক গ্রেফতার, সহযোগী পলাতক

অনলাইন ডেস্ক, EBN News24,চট্টগ্রাম।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি এবং একটি সীসার কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি পশ্চিম বিভাগ)। এ সময় অবৈধ অস্ত্র বহনের অভিযোগে একটি লেগুনাসহ চালকের আসন থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান খাগড়াছড়ি সদরের মোঃ তাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ আরিফিন বাজার এলাকায় থাকতেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজাম উদ্দিন (২৮) নামের তার এক সহযোগী কৌশলে পালিয়ে যান।
ডিবি পুলিশ জানায়, মহানগর এলাকায় বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশন এলাকায় অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচা চলছে। ডিবি পুলিশের আভিযানিক দল সেখানে পৌঁছালে একটি লেগুনা থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে মিজানুরকে গ্রেফতার করলেও নিজাম পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে লেগুনার চালকের আসনের নিচে থাকা একটি ব্যাগ থেকে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে অস্ত্র পরিবহনে ব্যবহৃত চট্ট-মেট্রো-ছ ১১-৪১৩৪ নম্বরের লেগুনাটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিজানুর স্বীকার করেছেন যে, বিক্রির উদ্দেশ্যেই এই অবৈধ অস্ত্র ও কার্তুজ তিনি নিজের হেফাজতে রেখেছিলেন। এই ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, পলাতক আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় ১টি প্রতারণা মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular