মায়ের মৃত্যুর ঠিক এক মাস পর, সেই প্রিয় মায়ের কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের তরুণ মোঃ মইনুদ্দিন অন্তর। জানা গেছে, নিহত মইনুদ্দিন অন্তর চট্টগ্রাম নগরীর আকবর শাহ বিশ্ব কলোনি এলাকার বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর তাঁর মা ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর পর থেকেই চরম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই যুবক। পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর এক মাস পূর্ণ হওয়ায় তাঁর আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করতে গিয়েছিলেন অন্তর। কিন্তু জিয়ারত শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মায়ের শোক কাটিয়ে উঠার আগেই একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার ও এলাকায় এখন চলছে মাতম। মায়ের পাশে সন্তানের এমন অকাল ও মর্মান্তিক প্রস্থানে পুরো আকবর শাহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

